ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার সামরিক অভিযান পরিচালনা করেছে। ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথি ঘাঁটিতে মোট ৯৫১টি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইয়েমেন সেনা বাহিনীর মুখপাত্র মাজিদ আল-নুজাইলি জানান, এসব অভিযানে হুথিদের মাঠ পর্যায়ের কমান্ডার ও যোদ্ধাসহ প্রায় ৩৩২ জন নিহত বা অকার্যকর হয়েছে।
অভিযানের ফলে প্রতিপক্ষের সামরিক সক্ষমতা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। সেনাবাহিনীর তথ্যানুযায়ী, বিভিন্ন রণক্ষেত্রে বিদ্রোহীদের ৫৬টি সামরিক যান, ভারি সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব সামরিক অভিযান মূলত আল-জাওফ, মারিব এবং আল-বায়দা অঞ্চলের বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে পরিচালনা করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই