কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) সামনে রেখে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা অংশ নিচ্ছেন। বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

‘একটি সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধান পর্যায়ের বৈঠকে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর।