মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

মামলার অভিযোগ অনুযায়ী, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এরপর গত ২৬ অক্টোবর শাহজালাল রুমীর পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।