ম্যাচে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু টেনেরিফের ফুটবলার দে মিগুয়েলের

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েল মারা গেছেন। সোমবার এফসি অ্যান্দোরার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩০ বছর।

ম্যাচের একপর্যায়ে অ্যান্দোরার গোলরক্ষক জেসুস ওয়োনো নিজের গোলপোস্ট ছেড়ে বলের দখল নিতে ছুটে আসেন। এ সময় মাঝমাঠের কাছে দে মিগুয়েলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পান টেনেরিফের এই ফরোয়ার্ড। ঘটনার পরপরই ওয়োনোকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচটিও স্থগিত করা হয়।

দুর্ঘটনার পর দে মিগুয়েলকে হাসপাতালে নেওয়া হয়। সোমবার রাতে টেনেরিফ জানায়, গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মঙ্গলবার ভোরে তার স্নায়বিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল ৮টায় (স্থানীয় সময়) তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবটি।

এক বিবৃতিতে টেনেরিফ জানায়, দে মিগুয়েলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ক্লাবটি।

এদিকে দে মিগুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এফসি অ্যান্দোরাও। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্প্যানিশ ফুটবল অঙ্গনের বিভিন্ন কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

সূত্র: স্কাই নিউজ