ইউরোপের একাধিক দেশে যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পোল্যান্ড, বুলগেরিয়া ও স্পেনের অন্তত চারটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়। এসব ঘটনায় কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে পোল্যান্ডের একটি বিমানবন্দরও। তবে তল্লাশিতে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার সতর্কতা জারি হলে সেটিকে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে ওয়ারশ-মডলিন বিমানবন্দরে অবতরণ করানো হয়। উড়োজাহাজটি ছিল পোলিশ এয়ারলাইনস লটের। এতে ১৮১ জন যাত্রী ও ক্রু ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৫৪ মিনিটে উড়োজাহাজটিতে বোমা হামলার হুমকির সতর্কতা পাওয়া যায়। এর সাত মিনিট পর সকাল ১০টা ১ মিনিটে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটি মডলিন বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী ও ক্রুদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়। নিরাপত্তা তল্লাশির জন্য বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে অবশ্য বিমানবন্দরটির কার্যক্রম আবার চালু হয়। তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

একই সময়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে ওয়ারশগামী স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের (এসএএস) আরেকটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি পাওয়া যায়। উড়োজাহাজটি ওয়ারশ-শোপেন বিমানবন্দরে অবতরণ করে। পরে সেটিতে তল্লাশি চালানো হয়। তবে এ ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়নি।

এদিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী ইসরায়েল থেকে আসা একটি উড়োজাহাজেও ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা বিটিএ জানিয়েছে, উড়োজাহাজটি অবতরণের পর সেখানে বিস্ফোরক আছে কি না, তা পরীক্ষা করছিল সন্ত্রাসবাদবিরোধী নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পর বিমানবন্দরের কিছু অংশ ঘিরে ফেলা হয়। পরে কর্তৃপক্ষ জানায়, হুমকিটি ভুয়া ছিল। তল্লাশিতে কোনো বিস্ফোরক না পাওয়ায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়।

এর আগের দিন সোমবারও লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়। পরে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবতরণ করানো হয়।

সূত্র: রয়টার্স