২১ বছর পর মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২১ বছরের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টেনে এই প্রথম লিওনেল মেসিকে ছাড়া জাতীয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ও সফল এই অধিনায়ককে ছাড়াই ভবিষ্যৎ রূপরেখা মাথায় রেখে নতুন দল সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি।

 

২০০৫ সালে আকাশী-নীল জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকে দীর্ঘ দুই দশক আর্জেন্টিনার আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন মেসি। দলের চরম দুঃসময়ে হাল ধরেছেন, নেতৃত্ব দিয়েছেন একের পর এক বৈশ্বিক মঞ্চে। তাঁরই জাদুকরী নেতৃত্বে দীর্ঘ ট্রফি খরা কাটিয়ে আর্জেন্টিনা ঘরে তোলে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিসিমা, ঐতিহাসিক কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা। জাতীয় দল থেকে তাঁর প্রস্থানে ফুটবলের এক সোনালী যুগের যবনিকা ঘটল।

মেসির বিদায়ের পর আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে প্রথম দল ঘোষণা করেছেন স্ক্যালোনি। এই উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোমবোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে প্রতিপক্ষ কোস্টারিকা।

ঘোষিত এই স্কোয়াডে তারুণ্য ও নতুনদের সুযোগ দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন স্ক্যালোনি। দলে প্রথমবার ডাক পেয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। এছাড়া স্কোয়াডে ফিরেছেন রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল এবং পারমার মারিয়ানো ত্রোইলো। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আগুস্তিন জিয়াই ও ফ্লাকো লোপেজও সুযোগ পেয়েছেন। তবে দীর্ঘদিনের নিয়মিত মুখ এবং মেসির ঘনিষ্ঠ সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো এই স্কোয়াডে জায়গা পাননি।

স্ক্যালোনির ঘোষিত দলে গোলবারের দায়িত্ব সামলাবেন এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান। রক্ষণভাগে মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকোদের সঙ্গে তরুণ বালের্দি ও আনসেলমিনোদের রাখা হয়েছে। মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও এজেকুয়েল পালাসিওসের সঙ্গে নতুন প্রজন্মের নিকোলাস পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও থিয়াগো আলমাদাদের ওপর আস্থা রাখা হয়েছে। আক্রমণভাগে হুলিয়ান আলভারেজের নেতৃত্বে ডাক পেয়েছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও সান্তিয়াগো কাস্ত্রো।