সিটি গ্রুপকে শর্ত সাপেক্ষে ৩ হাজার কোটি টাকা ঋণ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) জারি করা এই প্রজ্ঞাপনে শিল্পগোষ্ঠীটির ৫ প্রতিষ্ঠানকে ২০২৭ সাল পর্যন্ত ৩ হাজার কোটি টাকা অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। প্রথম ধাপে ৮টি ব্যাংক মিলে গ্রুপটিকে ঋণ দিচ্ছে মোট ১ হাজার ৭০০ কোটি টাকা।
শিল্পগোষ্ঠিটির যে ৫টি কোম্পানিকে ঋণ সুবিধা দেয়া হচ্ছে সেগুলো হলো- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল, সিটি ডাল মিলস্ ও শম্পা ফ্লাওয়ার মিলস।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ঋণের জন্য অর্থায়ন করা ব্যাংকগুলো সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায়ও থাকবে না। এ ছাড়া কোনো বন্ধকি সম্পত্তি ঋণের জামানত হিসেবে দিতে পারবে না সিটি গ্রুপ। আর এই ঋণের টাকা কেনা পণ্য বিক্রি করলে তার একটি অংশ নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে, যেন ঋণ দেয়া ব্যাংকগুলো নিয়মিত কিস্তি পেতে পারে।