রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে (৪৬) ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন আসামি ইসরাত জাহান পল্লবীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আসামিকে সাত দিন নিজ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষ থেকে রিমান্ড বাতিলের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন।
এর আগে গত ৩ নভেম্বর আসামিকে চীন থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গুলশান-১ এর কেএফসি রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন আসামি রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করে। ওই স্থানে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, জনগণের জীবনযাত্রার বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক অপরাধ সংঘটন করে।
আরও বলা হয়, পুলিশি অভিযানের মুখে আসামিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ ঘটনাস্থল থেকে অব্যবহৃত ককটেল এবং ককটেল তৈরির আলামত উদ্ধার করে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।