কাতারজুড়ে বৃষ্টির প্রার্থনায় ইস্তিস্কার নামাজের ডাক আমিরের

বৃষ্টি ও আল্লাহর রহমত কামনায় দেশজুড়ে সালাতুল ইস্তিস্কা আদায়ের আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ বিশেষ নামাজে অংশ নিতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আমিরি দেওয়ান সূত্রে জানা গেছে, আমির নিজেও লুসাইল ঈদগাহে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেবেন।

কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে দেশের নির্ধারিত মসজিদ ও জামাতকেন্দ্রগুলোতে একযোগে সালাতুল ইস্তিস্কা অনুষ্ঠিত হবে। এ নামাজে অংশ নিতে দেশটির নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

নামাজে অংশগ্রহণের আগে তওবা করা, পাপাচার থেকে বিরত থাকা, দান-সদকা করা এবং বিনম্র চিত্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মানসিকতা নিয়ে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসলামে ‘ইস্তিস্কা’ শব্দের অর্থ বৃষ্টির জন্য প্রার্থনা করা। অনাবৃষ্টির সময় বৃষ্টি কামনায় সমবেতভাবে আল্লাহর কাছে ইস্তিগফার, দোয়া ও প্রার্থনা করাকে সালাতুল ইস্তিস্কা বলা হয়। ইসলামের ঐতিহ্য অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং সাহাবি-তাবেঈনেরা অনাবৃষ্টি দেখা দিলে ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করতেন। এ সময় সমবেতভাবে বিশেষ নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করা হতো।

আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও জাতীয়ভাবে এ সুন্নাহ পালনের উদ্যোগ নিয়েছে কাতার।