জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সাংগঠনিক কার্যকালের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দলীয় সদস্যদের (রুকন) গোপন ব্যালটে দেওয়া প্রত্যক্ষ ভোটে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় রুকনদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সাংগঠনিক জেলা ও মহানগরগুলোর শীর্ষ এই নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। আগামী দুই বছরের (২০২৭–২০২৮ সেশন) জন্য তাঁরা নিজ নিজ সাংগঠনিক ইউনিটের দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তালিকা অনুসারে, ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে নূরুল ইসলাম বুলবুল আমির নির্বাচিত হয়েছেন। অন্যান্য মহানগরগুলোর মধ্যে চট্টগ্রামে মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনায় অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, সিলেটে মো. ফখরুল ইসলাম, বরিশালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, রংপুরে এ টি এম আজম খান এবং বগুড়ায় আবদুল মালেক মহানগরের দায়িত্ব পেয়েছেন।

রংপুর বিভাগের আট জেলায় নির্বাচিতরা হলেন—পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার ও গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার এমপি।

রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে দায়িত্ব পেয়েছেন জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক এবং নাটোরে ড. মীর নুরুল ইসলাম।

খুলনা বিভাগের দশটি জেলায় নেতৃত্বে এসেছেন মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম ও সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম।

বরিশাল বিভাগের জেলাগুলোতে আমির হিসেবে মনোনীত হয়েছেন বরগুনায় মাওলানা মো. মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুরে আব্দুর রব।

ময়মনসিংহ বিভাগের তিন জেলায় নির্বাচিতরা হলেন—শেরপুরে মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহে মো. আবদুল করিম ও নেত্রকোণায় ছাদেক আহমাদ হারিছ।

ঢাকা বিভাগের জেলাগুলোতে দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, গাজীপুরে মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জে মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান এবং শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী।

সিলেট বিভাগের চার জেলায় আমির নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেটে মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং হবিগঞ্জে মাওলানা কাজী মোখলিছুর রহমান।

চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুরে মাওলানা বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইসহাক খন্দকার ও লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ। এ ছাড়া চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ জেলা আমিরের দায়িত্ব পেয়েছেন।