বাংলাদেশের ফুটবলে আজ আবার নতুন করে স্বপ্ন বোনা শুরু। আবার সেই স্বপ্নের সাফ। যে ট্রফি ২০০৩ সালে একবার জয় করেছিল বাংলাদেশ, সেই সাফের ট্রফি দ্বিতীয়বার জিততে পারেনি। বাংলাদেশের ফুটবলে কাজী সালাহউদ্দিন সভাপতি থাকাকালীন খেলোয়াড়দের জন্য কত রকম সুযোগ-সুবিধা দিয়েছেন।
সুপেয় পানি থেকে শুরু করে খাদ্যাভাসে পরিবর্তন, আধুনিক জিম, পাঁচ তারকা হোটেলে ক্যাম্প, বিদেশে ক্যাম্প করা, বিদেশি কোচ এবং কোচিং স্টাফ। কী না দেওয়া হয়েছিল ফুটবলাদের জন্য। তবু বাংলাদেশের ফুটবলাররা ট্রফি দিতে পারেননি দেশের মানুষকে। শেষ পর্যন্ত কাজী সালাহউদ্দিন বলেছিলেন আমি তো খেলে দিতে পারব না।'
তবু তিনি কখনো রাগ করেননি ফুটবলারদের সঙ্গে। গায়ে হাত বুলিয়ে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, ব্যক্তিগতভাবে বোনাস দিয়ে প্রেরণা দিয়েছেন। আরেকটি সাফের মঞ্চে আজ মাঠে নামবে বাংলাদেশ। খরা কাটাতে এবার বড় সুযোগ ঘরের মাঠে টুর্নামেন্ট। ভারতের মতো শক্তিশালী দল নেই। শক্তিশালী নেপাল নেই। ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, ভারতকে নিয়ে এবারের সাফ।
এমন সময় সাফ চ্যাম্পিয়ন হচ্ছে যখন, চোখের সামনে দগদগে ঘা, ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের ক্ষত নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে কোচ থমাস ডুলি বাস্তবতা তুলে ধরলেন। 'ইন্দোনেশিয়ার কাছে যে হারের কথা বার বার বলা হচ্ছে সেই নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটাই বাস্তবতা। ইন্দোনেশিয়ার ফুটবলার আমাদের ফুটবলারদের মধ্যে মানের ব্যবধানটাও দেখতে হবে-বললেন জাতীয় ফুটবল দলের আমেরিকান কোচ থমাস ডুলি।
থমাস ডুলির কথা হচ্ছে 'একটা দলকে জিততে হলে আত্মবিশ্বাস থাকতে হবে, ফাইটিং স্পিড থাকতে হবে এবং জেতার মানসিকতায় খেলতে হবে। তাহলে ম্যাচ জেতা সম্ভব। আমরা ভালো ফুটবল খেলতে চাই। খেলতে খেলতে ফাইনালে উঠতে চাই। আমার কথা হচ্ছে শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করতে হবে।'
সাফের জন্য অপেক্ষা। ট্রফি জয়ের চাপ আছে। কথাটা মেনে নিয়েছেন কোচ। চাপ নিয়ে খেলার জন্যই মাঠে এসেছি বলে জানান ডুলি। ভুটানের বিপক্ষে আজ প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে গত বছর প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ, হামজা চৌধুরী গোল করেছিলেন। আজ হামজা খেলতে পারবেন না। কারণ ফিফা উইনডো না থাকাও আজকের ম্যাচটা মিস করবেন। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।
ভুটানের তারকা ফুটবলার চেনচো ঢাকায় ভুটানের ম্যাচটা খেলতে পারেননি। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। গতকাল সংবাদ সম্মেলনেও তিনি চেনচো জানিয়েছেন, 'আমরা হামজার সঙ্গে খেলতে পারলে ভালো হতো। আমরা গর্ব বোধ করি যে, সাফের অন্যান্য দেশের মধ্যে প্রবাসী ফুটবলার রয়েছেন। কিন্তু ভুটানের দলের কোনো প্রবাসী নেই। সবাই ভুটানিজ।'
ভুটানের অস্ট্রেলিয়ান কোচ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করেছেন। এখন কিছু দিন হয় তাকে সিনিয়র জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন। সেভাবে প্রস্তুতি নিতে পারেনি তার দল। সাফ নিয়ে দুশ্চিন্তা করছেন না ভুটানিজ কোচ গ্যারি মাইকেল ফিলিপিস। সাফ নিয়ে তার সাফ কথা-এটা কোনো ফিফা বা এএফসির বাছাই টুর্নামেন্ট না। সাফ হচ্ছে এই অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়া। সবাইকে দেখার সুযোগ। এটা তো এশিয়া কাপ না। ননকোয়ালিফাই টুর্নামেন্ট।
ভুটানকে হারিয়ে জয়টা হামজাকে উপহার দিতে চান তপু
জাতীয় দলের অধিনায়ক ছিলেন জামাল ভূঁইয়া। তাকে সংবাদ সম্মেলনে দেখা গেলেও পরের দিন একাদশে থাকেন না। কিন্তু গত বছর ভুটানের বিপক্ষে জয়টায় জামালের অবদান ছিল। সেটপিস থেকে গোল করিয়েছেন জামাল। এবার সাফের প্রথম দিনই হয়তো তাকে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না। গতকাল সাফের সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলি তপুকে সঙ্গে নিয়ে এসেছেন। তপু কি পুরো সাফে অধিনায়ক থাকবেন?
কোচ ডুলি নানা রকম ব্যাখ্যা দিলেন। তার পরিষ্কার কথা তপুকে চাই। ডিপ ডিফেন্সে তপুর কোনো বিকল্প দেখছেন না কোচ। কোচের কাছে আর্মব্যান্ড কে পরবে সেটা কোনো বিষয় না। কার কী প্রয়োজন আছে সেটাই কোচের কাছে গুরুত্বপূর্ণ। সব কথা বললেন কিন্তু তপু সাফের জন্য অধিনায়ক কিনা সেটা পরিষ্কার করেননি তিনি। ভুটানের ম্যাচটা খেলতে পারছেন না হামজা চৌধুরী। তপু বর্মন জানিয়েছেন ভুটানকে হারিয়ে জয়টা হামজা চৌধুরীকে উপহার দেবেন। 'হামজা চৌধুরী যেন বাংলাদেশে এসে দেখেন আমরা তার জন্য উপহার রেখে দিয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা যেন উজ্জীবিত হয়ে লড়াই করতে পারি, সেটার পথ তৈরি করে দেবে ভুটান।