সিলেট টেস্ট 

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় বন্ধ খেলা

সিলেট টেস্টে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। মাত্র ২৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছিল টাইগার বোলাররা। তবে আমির জাঙ্গুর সেঞ্চুরিতে নিজেদের অবস্থান শক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতার কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তোপে দলীয় ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ক্যারিবীয়ানরা। 

ব্রান্ডন কিং ৯, কেভম হজ ১ ও জশুয়া ডি সিল্ভা ১২ রান করে সাজঘরে ফিরে যান। এরপর কেভিন উইকহ্যামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন জাঙ্গু। ১৩১ রানের জুটি গড়েন তারা।

দলীয় ১৫৮ রানে ১৪৫ বলে ৬১ রান করে আউট হন উইকহ্যাম। তবে সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন জাঙ্গু। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। 

৬৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গু ১০২ ও জাস্টিন গ্রিভস ২৬ রানে অপরাজিত আছেন।