দেশকে অস্থিতিশীলের চেষ্টা করলে একচুলও ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক মিল্টন

পাঁচ বছর পর আবার জনগণ যাকে ভোট দেবে তারাই দেশ পরিচালনা করবে; এর আগে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের একচুল ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাফরুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে এসব কথা বলেন তিনি। 

এ সময় জামায়াতের কড়া সমালোচনা করে মিল্টন বলেন, ৭১ সালের মতোই আচরণ করছে দলটি। প্রধানমন্ত্রীকে নিয়েও আর কোন উল্টা পাল্টা কথা এখন সহ্য করা হবে না। 

ডিএনসিসি প্রশাসক বলেন, দেশের মানুষ শান্তিতে চলাফেরা ও কাজ করতে চায়। এখন আর আন্দোলন চায় না। গার্মেন্টেসের নামে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। মা-বোনেরা বুঝতে পেরে এখন তারা আর রাস্তায় নামছেনা বলেও মন্তব্য করেন প্রশাসক। 

শফিকুল ইসলাম মিল্টন আহ্বান জানান, পরিচ্ছন্নতা নিত্য দিনের সঙ্গী করার। সচেতন হলে বাসা থেকেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ফুটপাত দখল মুক্ত করে জনগনের চলাচলের জায়গা ফিরিয়ে দেয়া হচ্ছে।