দীর্ঘ আট বছর পর বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের আসরের।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। জামাল-তপুদের প্রতিপক্ষ ভুটান। রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ না পাওয়া সমর্থকদের জন্য থাকছে টেলিভিশন ও অনলাইনে সরাসরি ম্যাচ দেখার ব্যবস্থা।
মাঠের লড়াই শুরুর আগেই সাফের আয়োজন নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। টিকিটের উচ্চমূল্য, দর্শকদের আগ্রহ এবং প্রস্তুতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এসব বিতর্ক পেছনে ফেলে এখন মাঠের খেলাতেই মনোযোগ দিতে চান ফুটবলপ্রেমীরা।
সাফের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে দেশের বেসরকারি ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) বাংলাদেশের আনুষ্ঠানিক সম্প্রচার অংশীদার হিসেবে চ্যানেলটিকে নিশ্চিত করেছে। ফলে টেলিভিশনে টি স্পোর্টসেই দেখা যাবে বাংলাদেশসহ টুর্নামেন্টের সব দলের ম্যাচ।
টেলিভিশনের বাইরে মুঠোফোনেও খেলা দেখার সুযোগ রয়েছে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফির অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচগুলো। পুরো টুর্নামেন্টের খেলা দেখতে ৯৯ টাকায় পাস কেনা যাবে। টুর্নামেন্ট শুরুর আগে ৪৯ টাকার বিশেষ ছাড়ের সুযোগ থাকলেও সেটির মেয়াদ শেষ হয়েছে আগের দিনই।