ইউরোপে আবারও প্লেনে বোমা আতঙ্ক, এক দিনে ১২ ফ্লাইটে হুমকি

ইউরোপের আকাশপথে যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনেই অন্তত ১২টি ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি ফ্লাইটকে নিরাপত্তার কারণে বিকল্প বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। কয়েকটি উড়োজাহাজকে পাহারা দিয়ে নিয়ে গেছে সামরিক যুদ্ধবিমান।

কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন ফ্লাইটে একযোগে বোমা হামলার হুমকি দেওয়া হলো। বিশেষ করে স্বল্প খরচের বিমান সংস্থাগুলোর বিভিন্ন রুটের ফ্লাইটগুলো এসব হুমকির লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে একই ধরনের হুমকির কারণে আটটি উড়োজাহাজের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

বৃহস্পতিবার সকালে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। পরে নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটিকে বুলগেরিয়ার প্লভদিভ বিমানবন্দরে অবতরণ করানো হয়।

অন্যদিকে, পোলিশ বিমান সংস্থা লটের ওয়ারশ থেকে প্যারিসগামী একটি ফ্লাইটেও একই ধরনের হুমকি পাওয়া যায়। এরপর উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান সংস্থাটি। তাদের দাবি, নিয়মিত কার্যক্রম ব্যাহত না করেই ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

এ ছাড়া মাঝ আকাশে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ফিনএয়ারের একটি উড়োজাহাজকে পাহারা দিয়ে নিয়ে যায় ইতালির একটি সামরিক যুদ্ধবিমান।

উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে ইউরোপের বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ২১টি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার বেশ কয়েকটি ভুয়া বলে ধারণা করা হচ্ছে। তবে ধারাবাহিক হুমকির ঘটনায় ইউরোপের বিমান চলাচল খাতে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা