রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বার্তা হস্তান্তর করেন।
ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে মোজতবা খামেনি রুশ প্রেসিডেন্টকে কী বিষয়ে বার্তা দিয়েছেন, তা এখনো জানা যায়নি।
ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা পরিবর্তন এসেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে মস্কো। তা সত্ত্বেও ইরানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে রাশিয়া।
শুরু থেকেই ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে দেশটি। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে মস্কো।
এদিকে, ইরানে নতুন করে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য এ হামলা হবে স্বল্পস্থায়ী, তবে এর তীব্রতা থাকবে অনেক বেশি।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেই অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, হামলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে অভিযান কত সময় ধরে চলতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তারা।
ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে ১২টি যুদ্ধজাহাজে কয়েক হাজার নৌ ও বিমান সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। তারা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
সম্ভাব্য হামলায় ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।