যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং এ যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের অবস্থান আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছেন ইরানের আইনপ্রণেতা মাহমুদ নবভিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধারাবাহিক কয়েকটি পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের সভ্যতা ধ্বংস করা, দেশটিকে বিভক্ত করা, ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত করা এবং দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিশ্চিহ্ন করা।

নবভিয়ানের দাবি, ইরানের প্রতিরোধ ও সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়েছে এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের আইনপ্রণেতা মাহমুদ নবভিয়ান।

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকেও বড় ধরনের কৌশলগত সুবিধা হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, যুদ্ধের মধ্য দিয়ে ইরান একটি ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত হয়েছে।

এ সময় যুদ্ধের ফলাফল নিয়ে ভিন্ন বয়ান তৈরির বিষয়ে সতর্ক করেন নবভিয়ান। তার অভিযোগ, ভীত ও পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত কিছু কণ্ঠস্বর যুদ্ধের জয়-পরাজয়ের প্রকৃত চিত্র উল্টে দেওয়ার চেষ্টা করতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর নবভিয়ান এসব মন্তব্য করেন।

সূত্র: আল জাজিরা