নদীতে ঝাঁপ দিয়ে কুমিরের ভয়ে চিৎকার, উদ্ধার করল পুলিশ

ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলার কুক্কে সুব্রহ্মণ্য এলাকায় কুমারধারা নদীতে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। নদীতে পড়ার পর কুমিরের উপস্থিতি টের পেয়ে ওই নারীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে কুমারধারা সেতুর কাছে এ ঘটনা ঘটে।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে তিনি সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীতে থাকা একটি কুমির তাকে আক্রমণ করে। এতে তিনি সামান্য আহত হন।

কুমিরের আক্রমণের পর ওই নারীর চিৎকার শুনতে পান নদীর তীরের একটি স্থানীয় লজের কর্মচারীরা। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে সুব্রহ্মণ্য থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় উদ্ধার অভিযান। একপর্যায়ে পুলিশ তাকে নদী থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে আসে।

উদ্ধারের পর ওই নারীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ওই নারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।