অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন সারা খান

অবশেষে পাঁচ মাস পর ছোট মেয়ে রনিয়ার মুখ প্রকাশ্যে আনলেন পাকিস্তানি তারকা সারা খান। জন্মের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্যামেরার আড়ালে থাকা রনিয়াকে প্রথমবারের মতো দেখা গেছে একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে। দুই মেয়েকে নিয়ে সুখের সংসারের এই মিষ্টি মুহূর্তটি এখন নেটদুনিয়ায় দারুণ প্রশংসিত হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের উপস্থাপক নিদা ইয়াসিরের সঞ্চালনায় ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন সারা খান। গত ৪ অক্টোবর প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো ছোট মেয়ে রনিয়াকে দর্শকদের সামনে আনেন। 

এ সময় অভিনেত্রী জানান, জন্মের পর থেকেই মেয়েকে জনসাধারণের নজর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এ কারণে আগে রনিয়ার কোনো ছবি প্রকাশ করেননি। অনুষ্ঠানে রনিয়ার মুখ প্রথমবার দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সঞ্চালক নিদা ইয়াসির।

তিনি বলেন, ‘দর্শকেরা এই প্রথম শিশুটির মুখ দেখতে পাচ্ছেন। একই সঙ্গে স্মরণ করিয়ে দেন, মাতৃত্বের নানা মুহূর্তে সারাকে এই অনুষ্ঠানেই আগে দেখা গেছে। ফলে অভিনেত্রীর মা হয়ে ওঠার যাত্রার সঙ্গে দর্শকদের পরিচয়ও রয়েছে। টেলিভিশন অনুষ্ঠানে মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও পারিবারিক কিছু ছবি প্রকাশ করেন সারা।’

ইনস্টাগ্রামে দেওয়া ছবিগুলোতে রনিয়ার জন্ম থেকে শুরু করে তার জীবনের প্রথম পাঁচ মাসের নানা মুহূর্ত উঠে এসেছে। একটি ছবিতে নবজাতক মেয়েকে কোলে নিয়ে দেখা যায় সংগীতশিল্পী ফালাক শাবিরকে। অন্য একটি ছবিতে বড় বোন আলিয়ানা ও ছোট বোন রনিয়ার মধ্যকার স্নেহের সম্পর্কের ঝলক দেখা গেছে।

ছোট মেয়ের সাম্প্রতিক একটি ছবির সঙ্গে ভালোবাসামাখা বার্তাও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। সেখানে রনিয়াকে আদর করে ‘আমার রানি’ বলে সম্বোধন করেছেন তিনি। এত দিন ছোট মেয়েকে আড়ালে রাখলেও এবার পরিবারের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সারা। দুই মেয়েকে নিয়ে তার পারিবারিক জীবনের এসব ছবিও অনুসারীদের আগ্রহ তৈরি করেছে।