মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তারের পর সেই যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তারের এক দিন পর সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে অস্ত্রসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিরসরাই থানা পুলিশ সহযোগিতা করে। তার কাছ থেকে একটি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার ও চোরা উদ্ধার করা হয়।