দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করতে হবে।’
শুক্রবার (৬ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই হয়। সেই জন্য দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের একক প্রার্থী দিয়ে তাকেই বিজয়ী করতে হবে।’
কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেও জানিয়েছেন তিনি।
জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. আকবর আলী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম সরকার প্রমুখ।