ক্রিকেট মাঠে ব্যাটে বল লাগার শব্দ নকল করতে আঙুল ফুটিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন এক ফিল্ডার। সেই প্রতারণার ভিডিও ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এবার ওই ঘটনার জেরে অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিংকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
গত জুলাইয়ে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে এ ঘটনা ঘটে। সল্টবার্ন দ্বিতীয় একাদশের হয়ে স্লিপে ফিল্ডিং করছিলেন পন্টিং। নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার মতো শব্দ তৈরি করেন তিনি। এরপর উইকেটকিপার বলটি তালুবন্দী করলে সল্টবার্নের খেলোয়াড়রা আবেদন জানান। আম্পায়ারও শাবিরকে আউট ঘোষণা করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তদন্ত। তদন্ত শেষে পন্টিং ও তার ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় লিগ কর্তৃপক্ষ।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন পন্টিং। এই সময়ে তিনি খেলতে, কোচিং করাতে, আম্পায়ারিং করতে কিংবা জুনিয়র দলের ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারবেন না।
শুধু পন্টিং নন, শাস্তির মুখে পড়েছে তার ক্লাব সল্টবার্নও। ক্লাবটিকে দ্বিতীয় বিভাগ থেকে অবনমন করে ২০২৭ মৌসুমে তৃতীয় বিভাগে পাঠানো হয়েছে। নতুন মৌসুম শুরু করতে হবে ৬০ পয়েন্ট হারিয়ে। পাশাপাশি ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।
লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সল্টবার্নের একাধিক ম্যাচে পন্টিং ও দলের অন্যান্য সদস্যদের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। যদিও শেষ পর্যন্ত শুধু পন্টিংকে ব্যক্তিগতভাবে নিষিদ্ধ করা হয়েছে, তবে এ ঘটনায় দলের অন্য সদস্যদেরও সম্পৃক্ততা ছিল বলে ধারণা কর্তৃপক্ষের।