বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে: নাহিদ

বিএনপি আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে প্রতিষ্ঠিত করার  প্রকল্প হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্টের পর গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠেছিল।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। সভায় রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার দলীয় নেতাকর্মীরা অংশ নেন। 

বিএনপি ও সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে এখন বিএনপি ঐক্যের কথা বলছে। তার অভিযোগ, ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি দলটি।

তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। অতীতের উদাহরণ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিলেন, তারাও অনেক আইন পাস করেছিলেন। কিন্তু সেসব আইন শেষ পর্যন্ত টেকেনি। এভাবে জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ইতিহাস টেনে নাহিদ ইসলাম বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কথা দলটি ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতন তারা এত সহজে কীভাবে ভুলে যায়, সেই প্রশ্নও তোলেন তিনি। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছিলেন। এমন ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পণ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।