মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে গিয়ে এক মাদরাসা শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওই মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। তাদের বাসটি বহরের সামনে ছিল। পেছনের বাসটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে মহাসড়কের পাশের গভীর ডোবায় পড়ে তলিয়ে যায়। পেছনের বাসের দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ফিরে যান। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সমন্বিত তৎপরতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যাওয়ার সময় নিহত দুজন সামনের আসনে বসা ছিলেন। বাসটি ডোবার পানিতে নিমজ্জিত হওয়ায় তারা শ্বাসরোধে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে মরদেহ দুটি দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং স্বজনেরা পৌঁছালে তা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ রাশেদ বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তারা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। নিহত দুজনের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।