রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: সাবেক এমপি পাপিয়া

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি কখনো বাংলাদেশের মূলধারার নায়ক হতে পারে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, আমাদের বোর্ডিং পাস, লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। আমিও স্পষ্ট করে বলতে চাই— রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। নিজেদের বোর্ডিং পাস ঠিক করো।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের স্থান এ দেশে হতে পারে না এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম কখনো বাদ পড়বে— এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। সমাবেশে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশসহ আরও অনেকে।