জিগাতলায় এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, চালক আহত

রাজধানীর জিগাতলা এলাকায় সাত থেকে আটটি মোটরসাইকেলে এসে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী গাড়ির গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালককে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিগাতলা থেকে হাজারীবাগে অবস্থিত কুরিয়ার সার্ভিসের গুদামে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত পিকআপ চালক মিজানুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এজেআর গ্রুপের কর্মকর্তা জয়ন্ত চৌধুরী অভিযোগ করে জানান, রাতে গাড়িটি হাজারীবাগের প্রধান গুদামের দিকে যাওয়ার সময় ৭-৮টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে সেটির গতিরোধ করে। তারা লোহার রড দিয়ে গাড়িতে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে গাড়ির সামনের ও পাশের কাচ এবং লুকিং গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। একপর্যায়ে হামলাকারীরা চালক মিজানুরকে জোরপূর্বক নামিয়ে কিল-ঘুষি ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে যাওয়া ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল মিয়া জানান, গাড়িটির গতি কম থাকার সুযোগে আকস্মিকভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা কোনো টাকা-পয়সা বা মোবাইল ফোন ছিনতাই করেনি, কেবল গাড়ির ক্ষতিসাধন ও চালককে মারধর করেছে। তিনি বলেন, কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চালক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।