দূরপাল্লার শটে গোল করায় বেশ দক্ষ রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। একুশ শতকে দূরপাল্লার শটে গোল করার দক্ষতায় সেরাদের তালিকায় উঠে এসেছে তার নাম।
শনিবার (৭ নভেম্বর) রাতে লা লিগার ১২তম ম্যাচডেতে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন ভালভার্দে।
স্প্যানিশ পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, লা লিগায় এ পর্যন্ত করা ২৬ গোলের ১৬টিই বক্সের বাইরে থেকে করেছেন ভালভার্দে। অর্থাৎ তার মোট গোলের ৬২ শতাংশই এসেছে দূরপাল্লার শটে। একুশ শতকের সেরা দূরপাল্লার গোলদাতাদের তালিকায় এটি পঞ্চম অবস্থান।
এই তালিকায় ভালভার্দের ওপরে রয়েছেন আসুনসাও। তার ২৪ গোলের মধ্যে ১৯টিই এসেছে বক্সের বাইরে থেকে, যা মোট গোলের ৭৯ শতাংশ। এরপর আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। তার ২৭ গোলের ১৯টি এসেছে দূরপাল্লার শটে, সাফল্যের হার ৭০ শতাংশ। ৬৫ শতাংশ করে গোল নিয়ে যৌথভাবে পরের অবস্থানে রয়েছেন জেনা ও টিকো। দুজনই বক্সের বাইরে থেকে করেছেন ২০ গোলের মধ্যে ১৩টি।
অন্যদিকে, ২০১৭ সালের সেপ্টেম্বরে লা লিগায় অভিষেকের পর থেকে ভালভার্দের চেয়ে বেশি দূরপাল্লার গোল করেছেন মাত্র দুজন। তারা হলেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি (৩৪ গোল) এবং স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো আসপাস (২০ গোল)।
সূত্র: গোল ডটকম।