বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ পরিস্থিতিতে কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে তারা কাজ বন্ধ রেখে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করে নিজ নিজ বাসায় ফিরে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করেছেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।