আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন 

জয় দিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ শাণিয়েও বড় জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ইব্রাহিমের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে থমাস ডুলির শিষ্যদের। 

ভুটান ম্যাচে বেশি গোল না হওয়াকে পজিটিভ হিসেবে দেখছেন মিডফিল্ডার শেখ মোরছালিন। এখন সবাই গোলের জন্য ক্ষুধার্ত জন্য ক্ষুধার্ত বলে জানিয়েছেন তিনি। 

আগামী ১১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখে শনিবার (৭ নভেম্ব্র) এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করে থমাস ডুলির শিষ্যরা। অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন মোরছালিন। তিনি জানান, ভুটান ম্যাচে ব্যবধান বড় না হওয়া দলের জন্য একদিক থেকে ভালোই হয়েছে।

মোরছালিন বলেন, ‘একদিক থেকে আমি মনে করি, ভালোই হয়েছে। অনেক সময় বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে (হাসি)। তেমন কিছুর সুযোগ নেই। আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত।’

জ্বরে আক্রান্ত থাকায় ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি মোরছালিনের। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। লঙ্কানদের বিপক্ষে মাঠে ফেরার ব্যাপারেও আশাবাদী, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারবো।’