দীপাবলি ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকার কাটিয়ে আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তানে বসবাসকারী হিন্দু নাগরিকদের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় শেহবাজ শরিফ বলেন, দীপাবলি মূলত ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকার কাটিয়ে আলোর জয়ের প্রতীক। এই উৎসব সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেয়।

হিন্দু সম্প্রদায়কে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে শেহবাজ শরিফ জানান, দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে তাদের অবদান অমূল্য। একই সঙ্গে পাকিস্তানের বৈচিত্র্যময় ধর্মীয় ঐতিহ্যকে দেশের অন্যতম প্রধান সম্পদ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, পাকিস্তানের সংবিধান প্রতিটি সংখ্যালঘুর ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেয়। ধর্ম, বর্ণ, জাত বা বিশ্বাস নির্বিশেষে সব নাগরিকের মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক পাকিস্তান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শেহবাজ শরিফ এমন এক সামাজিক পরিবেশের আহ্বান জানান, যেখানে সব ধর্মের মানুষ সমান শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ নিয়ে শান্তিতে বসবাস করতে পারবে। বার্তার শেষাংশে তিনি দীপাবলি উদযাপনকারী পাকিস্তানি হিন্দু পরিবারগুলোর আনন্দময় উৎসব কামনা করেন এবং সবার মাঝে শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি ছড়িয়ে দেওয়ার বার্তা দেন।