অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন ১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া টাকা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২২ ও ২০২৩ সালে আবেদন করা শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে পাওনা পরিশোধের সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়। সংসদীয় কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তাগিদ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, অর্থের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।

সংসদীয় কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে, যার আওতায় রয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী। এ সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে পাওনার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের বড় ধরনের ভোগান্তি কমবে।

উক্ত বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং কমিটির সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিঞা, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ উপস্থিত ছিলেন।