পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশকে ভেঙে ১২টি প্রদেশ গঠনের পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশজুড়ে গণভোট আয়োজনের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের প্রথম ছয় মাসের মধ্যে এ বিষয়ে ২৮তম সংবিধান সংশোধনীর উদ্যোগ নেওয়া হতে পারে।
রোববার (৮ নভেম্বর) সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত পরিকল্পনায় পাঞ্জাবকে চারটি, খাইবার পাখতুনখোয়াকে তিনটি, বেলুচিস্তানকে তিনটি এবং সিন্ধুকে দুটি প্রদেশে ভাগ করার কথা বলা হয়েছে। এভাবে বাস্তবায়িত হলে পাকিস্তানে প্রদেশের সংখ্যা চার থেকে বেড়ে ১২টিতে দাঁড়াবে।
তবে প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন প্রদেশগুলোর সীমানা নির্ধারণ, প্রশাসনিক কাঠামো এবং সংবিধান সংশোধনের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ পরিকল্পনায় দেশব্যাপী গণভোটের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। নতুন প্রদেশ গঠনের বিষয়ে সাধারণ মানুষের মতামত ও সমর্থন যাচাই করতেই এ উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিদ্যমান কোনো প্রদেশের রাজনৈতিক গুরুত্ব কমানো বা কোনো অঞ্চলকে দুর্বল করা এ পরিকল্পনার উদ্দেশ্য নয়।
পরিকল্পনার পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি, ছোট ছোট প্রশাসনিক অঞ্চল গঠন করা হলে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। একই সঙ্গে স্থানীয় সমস্যার সমাধান, উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে।
তবে এ পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না। এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য, সংসদে আলোচনা এবং সংবিধান সংশোধনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে।