অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অঞ্জন চৌধুরী। এতে সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী, সহ-সভাপতি কাজী জাহেদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ জহিরুদ্দিন মাহমুদ মামুন।
কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম এবং সৈয়দ সামাদুল হক।
নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।