ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি

ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে রাজধানীর একটি ফ্যাশন শোতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন এই অভিনেত্রী। এ ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পরীমনির মধ্যমা আঙুল প্রদর্শন এবং সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে চলছে নানা মন্তব্য ও সমালোচনা।

এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। এ ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।