দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

ওল্ড ট্রাফোর্ডে দুই দফায় দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক পয়েন্ট আদায় করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ঘরের মাঠে আট গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-৪ ব্যবধানে ড্র করলেও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চলেই থাকতে হচ্ছে মাইকেল ক্যারিকের দলকে।
 
রোববার (৮ নভেম্বর) ম্যানচেস্টার সিটির বিপক্ষে নটিংহ্যাম ফরেস্টের জয়ে রেড ডেভিলরা তলানিতে থাকা তিন দলের অবনমন অঞ্চলে নেমে গিয়েছিল। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। প্রথম মিনিটেই আলিসনের শট স্বাগতিক গোলরক্ষক সেনে ল্যামেন্সের নিচে দিয়ে জালে জড়ায়। এর তিন মিনিট পর আলিসনের দ্বিতীয় প্রচেষ্টা ল্যামেন্স ফেরালেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন নিকোলাস জ্যাকসন। ফলে চার মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানইউ।
 
শুরুর ধাক্কা সামলে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। বক্সের ভেতর ম্যাথিউস কুনহাকে ফাউল করেছিলেন বৌবাকার কামারা। এই গোলের পর ম্যাচে ফিরে আসে ম্যানইউ এবং বিরতির ঠিক আগে নুসাইর মাজরাউইয়ির কাটব্যাক থেকে লক্ষ্যভেদ করে দলকে ২-২ সমতায় ফেরান সাবেক ভিলা তারকা ইউরি টিয়েলেমান্স।

বিরতির পর মাঠে নেমে আবারও চরম রক্ষণাত্মক ভুলের খেসারত দেয় ম্যানইউ। ডিওগো ডালট বক্সে আলিসনকে ফাউল করলে স্পট কিক থেকে গোল করে ভিলাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন জন ম্যাকগিন। এর সাত মিনিট পর (৫৩তম মিনিট) ফ্রি কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী ভুলের সৃষ্টি হয়; লেনি ইয়োরোর ব্যাক হেড ল্যামেন্স পাঞ্চ করলে বল ক্রসবারে লেগে ফিরে আসে এবং ফাঁকায় থাকা লিওন গোরেৎকা বল জালে জড়ান।

দুই গোলে পিছিয়ে পড়ে পরাজয় যখন নিশ্চিত মনে হচ্ছিল, তখনই ম্যাচের যোগ করা সময়ে মঞ্চস্থ হয় নাটকীয় প্রত্যাবর্তন। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে (৯০+২) ব্যবধান ৪-৩ করেন জোশুয়া জার্কজি। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯০+৬) কর্নার থেকে উড়ে আসা বলে চোখধাঁধানো হেডে জাল কাঁপিয়ে স্টেডিয়ামকে উল্লাসে ভাসান প্যাট্রিক ডর্গু।

অবিশ্বাস্য এই ড্রয়ে শেষ মুহূর্তে নিশ্চিত হার এড়াতে পারলেও দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির আগে লিগ টেবিলের ১৮তম স্থানেই থাকল ম্যানইউ। নিরাপদ অঞ্চল থেকে তারা এখনো এক পয়েন্ট দূরত্বে অবস্থান করছে।