চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে স্বীকার করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। সোমবার (৯ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হুয়াং বহিরাগত গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না সে সম্পর্কিত খবরের ভিত্তিতে এনভিডিয়া একটি স্বাধীন তদন্ত শুরু করার প্রেক্ষাপটে এই ঘোষণাটি এলো।

গত ২৯ অক্টোবর দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হুয়াং চীনা গোয়েন্দা চক্রান্তের শিকার হয়েছিলেন, যা সিঙ্গাপুর ভিত্তিক ডাটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ নির্বাহী এবং চীনা নাগরিক অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে পরিচালনা করেছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাকে চীনের গোয়েন্দা সম্পদ হিসেবে চিহ্নিত করে, যিনি জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বেইজিংয়ে এনভিডিয়ার উন্নত এআই চিপ ও গোয়েন্দা তথ্য পাঠাচ্ছিলেন।

কর্মীদের কাছে পাঠানো ইমেইলে হুয়াং লেখেন, ‘আমার পরিবার এবং আপনাদের সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত।’

নিজের ব্যক্তিগত ভুলের কথা স্বীকার করে হুয়াং ইমেইলে জানান, ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কাজ তাকে এবং আমাদের সন্তানদের আঘাত করেছে। আমি যা করেছি তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’

পরিবারের প্রতি দায়িত্বের কথা উল্লেখ করে এনভিডিয়া প্রধান লেখেন, ‘আমার সারা জীবনে আমার পরিবার আমাকে ভালোবাসা এবং সমর্থন দিয়েছে। তারা আমার সততা এবং আনুগত্য পাওয়ার দাবি রাখে। তার বদলে আমি তাদের হতাশ করেছি এবং আমরা একসঙ্গে যে জীবন তৈরি করেছি তা ক্ষতিগ্রস্ত করেছি। আমি যা করেছি এবং যে কষ্ট দিয়েছি তার পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং এর সঙ্গে আসা সমালোচনা স্বীকার করছি।’

স্ত্রী ও পরিবারের উদ্দেশে হুয়াং লেখেন, ‘আমার স্ত্রী ও পরিবারের প্রতি- আমি আপনাদের ভালোবাসি। আমি জানি একটি ক্ষমা প্রার্থনাই আমার করা কাজকে মুছে ফেলতে পারবে না। আমি আশা করি আমাদের পরিবার এই ক্ষত থেকে সেরে উঠবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমি আপনাদের বিশ্বাস ফিরিয়ে নিতে পারব।’

সহকর্মীদের উদ্দেশে হুয়াং ইমেইলে বলেন, ‘দশক ধরে যাদের সঙ্গে কাজ করেছি সেই সহকর্মী, আমাদের বোর্ড, অংশীদার এবং বিশ্বজুড়ে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলছি: আপনারা আমার কাছ থেকে আরও ভালো কিছু পাওয়ার দাবি রাখেন।’

হুয়াং আরও বলেন, ‘এনভিডিয়া পরিচালনা করা আমার জীবনের পরম অধিকার। আমার দায়িত্ব হলো আপনাদের সেবা করা এবং আপনাদের বিশ্বাসের যোগ্য হওয়া। আমি সেই দায়িত্বে ব্যর্থ হয়েছি। আমি এনভিডিয়ার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করব।’

জাতীয় নিরাপত্তার বিষয়ে হুয়াং লেখেন, ‘সংবাদ প্রতিবেদনে উত্থাপিত জাতীয় নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। আমি তদন্তকে সমর্থন করি এবং পূর্ণ সহযোগিতা করব। আমি আমাদের দেশ এবং আমাদের কোম্পানিকে ভালোবাসি এবং আমি এনভিডিয়াকে রক্ষা করতে ও আমেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন আমেরিকান হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।’

পরিবারের গোপনীয়তা চেয়ে হুয়াং ইমেইলটি শেষ করে বলেন, ‘আমার সিদ্ধান্তের জন্য আমার পরিবার কোনো দায় বহন করে না। দায় আমার। দয়া করে তাদের গোপনীয়তা রক্ষা করুন।’

রবিবার দেওয়া এক বিবৃতিতে এনভিডিয়া বোর্ড জানিয়েছে যে প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং বিদেশী গোয়েন্দা তৎপরতার শিকার হওয়ার রিপোর্টের প্রেক্ষিতে তারা একটি স্বাধীন তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। বোর্ড উল্লেখ করেছে যে জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ নেই, তবে তদন্তে প্রাপ্ত সব তথ্য পরীক্ষা করা হবে।

এনভিডিয়া বোর্ড আরও জানায়, ‘বোর্ড মার্কিন জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়, যা এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রতিষ্ঠানের বাইরের স্বাধীন আইনি পরামর্শকের সহযোগিতায় স্বাধীন পরিচালকদের একটি কমিটি তদন্ত তদারকি করবে, তবে বোর্ড জেনসেন ও তার নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছে।

প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন এটি কোম্পানির অভ্যন্তরীণ বিষয়।

মেগাস্পিডের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুয়াং এর আগে জানিয়েছিলেন যে তাদের যোগাযোগ স্বাভাবিক ছিল এবং মার্কিন নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে চীনের এনভিডিয়া চিপ সংগ্রহের বিষয়ে ট্রাম্প প্রশাসনের আগের মেয়াদের শেষ দিকে বাণিজ্য বিভাগ তদন্ত শুরু করেছিল।

হুয়াং জানান মেগাস্পিডের সঙ্গে তার মেলামেশা চীনা গ্রাহক ও নির্বাহীদের মতোই স্বাভাবিক ছিল এবং মার্কিন সরকার অ্যালিস হুয়াং সম্পর্কে তাদের সন্দেহের কথা তাকে জানায়নি।

সূত্র: এনডিটিভি