ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একাধিক সংঘাতের দিকে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় আমেরিকানরা ‘বিরক্ত ও ক্লান্ত’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট।
সিবিএস নিউজকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের জবাবে আরাগচির এই মন্তব্য এসেছে, যেখানে ট্রাম্প রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনের পরাজয়ের জন্য আংশিকভাবে ভোটারদের ইসরায়েল অপছন্দ করাকে দায়ী করেছিলেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্টতই অনুধাবন করছেন যে সিংহভাগ আমেরিকান ইসরায়েলের ওপর চরম বিরক্ত। আশ্চর্যজনকভাবে, কেন এমনটি ঘটেছে সে বিষয়ে তিনি কিছুটা বিভ্রান্ত বলে মনে হচ্ছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পোস্টটিতে আরও যোগ করেন, ‘আমেরিকানরা স্পষ্টতই ইসরায়েল কর্তৃক মার্কিন প্রশাসনগুলোকে ধোঁকা দিয়ে অনন্ত যুদ্ধে জড়ানোর ঘটনায় বিরক্ত ও ক্লান্ত। তারা অনেক সহ্য করেছে। আমাদের অঞ্চলও তাই করেছে।’
সূত্র: মিডল ইস্ট আই