সিলেট টেস্টে বাংলাদেশকে ৩৬৯ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে বিপদে পড়েছে টাইগাররা। দুই উইকেট হারিয়ে লাঞ্চে গেছে স্বাগতিকরা।
সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টের পঞ্চম দিনে ৩৬৯ রানের টার্গেট ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ৩৩ রানের জুটি গড়েন তারা।
এরপর ৩২ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান তানজিদ তামিম। তাকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন জোমেল ওয়ারিকেন।
তানজিদ তামিমের বিদায়ের পরই আউট হন শান্ত। ২৭ বলে ১৪ রান করে ওয়ারিকেনের দ্বিতীয় শিকার হন টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তাওহিদ হৃদয়।
১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে লাঞ্চে গেছে বাংলাদেশ। মুশফিক ৫ ও হৃদয় ৮ রানে অপরাজিত আছেন।