ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি রক্ষাসহ ১২ দফা দাবিতে রাজধানীর পুরাতন পল্টন মোড় অবরোধ করেছেন রিকশাশ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে সড়ক অবরোধ করে সমাবেশ শুরু করেন তারা। এ সময় যান চলাচল ব্যাহত হয়।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।
সমাবেশ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে কমপক্ষে দুই বছর সময় দেওয়ার দাবি তোলেন শ্রমিকেরা।
এ ছাড়া শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক বিদ্যুতের মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ এবং আগে বিচ্ছিন্ন করা সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান তারা। নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের দাবিও রয়েছে।
১২ দফা দাবির মধ্যে আরও রয়েছে সড়কে লেন পদ্ধতি চালু, রিকশা, সিএনজি ও মোটরবাইকের জন্য পৃথক স্ট্যান্ড এবং চার্জিং স্টেশন নির্মাণ। ব্যাটারিচালিত যানবাহনসংক্রান্ত সব রিট ও ফৌজদারি মামলা এবং শ্রমিক নেতাদের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান শ্রমিকেরা।
সমাবেশে শ্রমিকদের জীবিকা সুরক্ষায় আইন প্রণয়ন, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও স্বল্প দূরত্বের বাহন হিসেবে স্বীকৃতি এবং নতুন শর্তে চালকদের ট্রেড লাইসেন্স দেওয়ার দাবি তোলা হয়।
এ ছাড়া সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক লাখ টাকা ঋণ, শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমানোর দাবি জানানো হয়।
শ্রমিকদের শেষ দাবিতে দেশের অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজি নিরাপদ করার কথা বলা হয়। পাশাপাশি পর্যায়ক্রমে মানুষকে পেশিশ্রমের অমানবিক বোঝা থেকে মুক্ত করার দাবি জানানো হয়।
বেলা ১১টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১২টা) চলছিল। এ সময় পুরাতন পল্টন মোড়ের সড়কে যান চলাচল বন্ধ ছিল।