জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিতে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির দাবি, এ ধরনের ব্যবসায়িক মডেলে প্রায় ৪০ হাজার নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে এ-সংক্রান্ত প্রায় ১০ হাজার মামলা বিচারাধীন। এতে সাধারণ মানুষের প্রায় ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেন, জমির অংশ বা শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেক ক্ষেত্রে প্রকল্পের অনুমোদন, জমির মালিকানা, নির্মাণের সক্ষমতা ও ফ্ল্যাট হস্তান্তরের আইনি নিশ্চয়তা থাকে না। ফলে অর্থ বিনিয়োগ করেও ক্রেতারা ফ্ল্যাটের মালিকানা পাওয়া কিংবা টাকা ফেরত পাওয়ার বিষয়ে অনিশ্চয়তায় পড়ছেন।
রিহ্যাবের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পসংক্রান্ত ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় প্রায় ৪০ হাজার ক্রেতা ও ১২ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট। এভাবে চলতে থাকলে আগামী দুই থেকে তিন বছরে আইনি জটিলতায় প্রায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, শেয়ারভিত্তিক অনেক প্রকল্পে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের অসংগতি রয়েছে। একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি, অর্থের অস্বচ্ছ ব্যবহার এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এসব প্রকল্পের ভবন স্বাধীন ও নিরপেক্ষ কারিগরি নিরীক্ষার আওতায় আনার দাবি জানিয়েছে রিহ্যাব।
সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে, শেয়ারের নামে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিনির্ভর অনিয়ন্ত্রিত ব্যবসা বন্ধ, প্রকল্পের অনুমোদন ও জমির মালিকানা নিশ্চিত না করে অর্থ সংগ্রহ নিষিদ্ধ করা, নির্মিত ভবনের কারিগরি ও আইনগত নিরীক্ষা এবং প্রতারণার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
রিহ্যাবের নেতারা বলেন, বৈধ যৌথ মালিকানা বা বিনিয়োগ ব্যবস্থার বিরোধিতা করছে না সংগঠনটি। তবে জমির অংশীদারত্বের নামে নির্দিষ্ট ফ্ল্যাটের মালিকানা ও হস্তান্তরের নিশ্চয়তা ছাড়া ক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহের সুযোগ থাকা উচিত নয়।
এদিকে, সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, তদন্তের নামে প্রায় তিন মাস ধরে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্তে পূর্ণ সহযোগিতার কথা জানিয়ে তিনি বলেন, তদন্ত চললেও জাতীয় পর্যায়ের একটি বাণিজ্য সংগঠনের নেতৃত্ব ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে রাখা যৌক্তিক নয়। দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।