পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরুর আগে বোর্ডের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে।
দুপুর ১২টায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে সভা শুরু হয়। এতে বোর্ডের সব সদস্য উপস্থিত ছিলেন।
শ্রমিক জোটগুলোর স্মারকলিপিতে জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো এবং এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরির সঙ্গে বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি তুলনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের মজুরি কাঠামো পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
শ্রমিক প্রতিনিধিরা জানান, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত রয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। বিপুলসংখ্যক এই শ্রমিকের জীবনমান, ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত এবং নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন।
তাদের প্রস্তাব অনুযায়ী, ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন নির্ধারণ করতে হবে। শ্রমিকদের দাবি, মূল বেতনের অনুপাত কম থাকলে ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। ফলে দীর্ঘদিন চাকরি করেও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এ ছাড়া মোট মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে ১৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
শ্রমিক প্রতিনিধিরা আরও জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবি বিবেচনায় নিয়ে মজুরি বোর্ডের সভা শেষে আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে। তাদের মতে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
৩৭ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে ন্যূনতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।
সোমবার বোর্ডের দ্বিতীয় সভা চলাকালে সংগঠনটির সদস্যরা কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন। এ সময় তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে ন্যূনতম বেতন ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ৩২ হাজার ১৩১ ও ৩৭ হাজার টাকার পৃথক প্রস্তাব নতুন মজুরি নির্ধারণের আলোচনায় শ্রমিকপক্ষের প্রত্যাশার বিষয়টি স্পষ্ট করেছে। এখন এসব দাবি ও প্রস্তাবের ভিত্তিতে মজুরি বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন পোশাকশ্রমিক ও সংশ্লিষ্টরা।