শেয়ারভিত্তিক ফ্ল্যাট ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

জমির অংশ বা শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিতে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটি জানিয়েছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক মডেলে ইতিমধ্যে প্রায় ৪০ হাজার সাধারণ নাগরিক প্রতারণার শিকার হয়েছেন এবং আদালতে বিচারাধীন রয়েছে প্রায় ১০ হাজার মামলা। এর ফলে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকার আর্থিক বিনিয়োগ এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব তথ্য ও উদ্বেগ তুলে ধরেন রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জমির শেয়ার বিক্রির নামে ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখানো হলেও বাস্তবে অধিকাংশ প্রকল্পের রাজউক বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, জমির নিষ্কণ্টক মালিকানা, আর্থিক সক্ষমতা কিংবা নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কোনো আইনি ভিত্তি থাকে না। ফলে সহজ-সরল ক্রেতারা কষ্টার্জিত সঞ্চয় বিনিয়োগ করেও ফ্ল্যাটের চাবি কিংবা বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পসংক্রান্ত ৯ হাজার ৮২৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার সঙ্গে প্রায় ৪০ হাজার ভুক্তভোগী ক্রেতা এবং আনুমানিক ১২ হাজার কোটি টাকার আর্থিক স্বার্থ জড়িত। এই অনিয়ন্ত্রিত প্রবণতা অবিলম্বে ঠেকানো না গেলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আইনি জটিলতায় সাধারণ মানুষের প্রায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবাসন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, শেয়ারভিত্তিক অনেক প্রকল্পে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের কোনো মিল নেই। অনেক ক্ষেত্রে একই জমি বা ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, তহবিলের অস্বচ্ছ ব্যবহার এবং অপরিকল্পিত নির্মাণের কারণে ভবনের কাঠামোগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এসব ভবনের ঝুঁকি এড়াতে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে কারিগরি নিরীক্ষা (অডিট) পরিচালনার দাবি জানানো হয়।

আবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরে রিহ্যাব। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে—শেয়ারের নামে ফ্ল্যাট দেওয়ার অনিয়ন্ত্রিত ব্যবস্থা নিষিদ্ধ করা, প্রকল্পের বৈধ অনুমোদন ও জমির নিষ্কণ্টক মালিকানা ছাড়া আগাম অর্থ সংগ্রহ কঠোরভাবে বন্ধ করা, ইতিমধ্যে নির্মিত ভবনের আইনি ও কারিগরি অডিট এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া। তবে রিহ্যাব নেতারা স্পষ্ট করেন যে, তারা বৈধ ও আনুষ্ঠানিক যৌথ মালিকানার বিরোধী নন; কিন্তু ফ্ল্যাট হস্তান্তরের আইনি নিশ্চয়তা ছাড়া অংশীদারত্বের নামে অর্থ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়।

এদিকে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্তের নামে গত প্রায় তিন মাস ধরে রিহ্যাবের স্বাভাবিক প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তদন্ত প্রক্রিয়ায় রিহ্যাবের পূর্ণ সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, একটি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠনের নেতৃত্ব ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই সমীচীন নয়। আবাসন খাতের বৃহত্তর স্বার্থে তিনি দ্রুততম সময়ে তদন্ত শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।