দক্ষিণ কোরিয়ায় বিএনপির সভায় রিজভী

‘দেশপ্রেমিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য জরুরি’

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব দেশপ্রেমিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় অনুচররা যতই চেষ্টা করুক, ১৮ কোটি মানুষের এই দেশকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এক আলোচনা সভা ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর দেশটির রাজধানী সিউলের জাইকা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ কোরিয়া বিএনপি।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম. জামান সজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব হারুন অর রশিদ হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রদেশ থেকে আসা ২২ জন নেতা বক্তব্য দেন।

রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে ৭ নভেম্বরের চেতনার মিল রয়েছে। মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই গণঅভ্যুত্থানে। এর চেতনাও ছিল ৭ নভেম্বরের চেতনা। আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় অনুচররা যতই চেষ্টা করুক, বাংলাদেশকে কখনো আধিপত্যবাদের নিয়ন্ত্রণে নেওয়া যাবে না।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ৭ নভেম্বর শুধু বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরুর দিন নয়, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হওয়ারও দিন। এর তাৎপর্য আরও বিস্তৃত। এ দিন বিদেশি প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতি প্রণয়ন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সূচনা করেছিল।

দীর্ঘদিন দিবসটি পালনে বাধার কথা উল্লেখ করে রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। ১৯৭৬ সাল থেকে দিবসটি সরকারিভাবে পালিত হয়ে আসছিল। কিন্তু শেখ হাসিনার শাসনামলে ১৭ বছর এটি সরকারিভাবে পালন করতে দেওয়া হয়নি। তবে বিভিন্ন সংগঠন সামাজিক ও রাজনৈতিকভাবে দিবসটি পালন করেছে। ফলে ৭ নভেম্বরের তাৎপর্য ও অন্তর্নিহিত চেতনা মুছে যায়নি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান একটি দক্ষ ও চৌকস সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি সেনাবাহিনীর রাজনীতিকরণ চাননি। আজকের আধুনিক সেনাবাহিনী জিয়াউর রহমানের অবদান।

বিএনপির বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, শত আক্রমণ ও হুমকির মুখেও তারেক রহমান দেশের হাল ধরে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রের মধ্যেও দলকে সঠিক পথে এগিয়ে নিচ্ছেন। ৭ নভেম্বর এমন একটি কম্পাস, যা বিপদের সময়ও সঠিক পথ দেখায়।

প্রধান বক্তা আনোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারক-বাহক। জিয়া পরিবারের রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।

দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন আনোয়ার হোসেন খোকন। তিনি প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করা, পারস্পরিক মতপার্থক্য দূর করা এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।