রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক দিনে ২ হাজার ৫৩১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫৯২টি গাড়ি ডাম্পিং এবং ৪২০টি গাড়ি রেকার করা হয়েছে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগের মধ্যে ওয়ারীতে সর্বোচ্চ ৪৯০টি মামলা হয়েছে। এ ছাড়া গুলশানে ৪৬৪টি, উত্তরা বিভাগে ৩৯৭টি, মিরপুরে ৩৭৮টি, মতিঝিলে ৩১৭টি, তেজগাঁওয়ে ২৩২টি, লালবাগে ১৫৭টি এবং রমনা বিভাগে ৯৬টি মামলা করা হয়েছে।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, রমনা এলাকায় ৯টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। লালবাগে মামলার আওতায় এসেছে ১০টি বাস, ৮টি ট্রাক, ৯টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেল।

অন্যদিকে, মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ১৫০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হওয়া ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৪০টি ট্রাক, ৩৫টি কাভার্ড ভ্যান, ১০৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেল মামলার আওতায় এসেছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৯টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। মিরপুরে ২০টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১৯৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উত্তরা বিভাগে ২৮টি বাস, ৮টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুলশান বিভাগে এ সংখ্যা যথাক্রমে ৪১টি বাস, ৮টি ট্রাক, ২৬টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন জানান, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।