নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কড়ইতলা গ্রামে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার ভগ্নীপতি মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত আবুল কাশেমের বসতঘরে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।
নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে। আহত মো. মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমি নিয়ে একই বাড়ির আব্দুল খালেক বুলুর পরিবার ও আবুল কাশেমের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার অজ্ঞাত ব্যক্তিরা ভেঙে ফেলে। পরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এদিন রাত ১০টার দিকে আবারও শহিদুল ইসলাম মনা তার ভগ্নীপতি মামুনকে সঙ্গে নিয়ে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়ান।
এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করার পরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এ পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে আবুল কাশেমের ছেলে আরমান ও ফুয়াদসহ তাদের পরিবারের লোকজন বাড়ির দরজার সামনে একা মনাকে পেয়ে তার ওপর হামলা চালায়। এসময় মনার বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তাকে বাঁচাতে এগিয়ে যান ভগ্নীপতি মামুন। তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কাসেমের স্ত্রী ও মেয়ে এবং তার চাচাতো ভাইসহ তিনজনকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ওসি মো.শামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। দুই নারীসহ তিনজনে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।