ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের নাম ঘোষণা করেন।

বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই।

মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংসদের অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন।