কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আটক ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ৮ নভেম্বর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে অস্ত্র ও মানবপাচারসহ পৃথক দুটি মামলা দায়ের করেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সেনা সদস্য নিহতের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযানস্থল থেকে আটক ৬ জনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রাখে একটি সশস্ত্র মানবপাচারকারী দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে পাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অবস্থায় তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানস্থল থেকে দুটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ছয়জনকে আটক করে যৌথ বাহিনী।