গার্মেন্টস শিল্পখাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো কোনো লিখিত প্রস্তাব দেয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাবের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বোর্ডের সদস্য ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক এবং কারখানা পর্যায়ের শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা, পারস্পারিক আস্থা ও দাবির প্রতি সম্মান জানিয়ে গার্মেন্টস শ্রমিক ও কর্মচারীদের জন্য তারা নিম্নতম মজুরির দাবি বোর্ডের কাছে প্রস্তাব করেছেন। প্রস্তাবে আজ শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। তবে এর যৌক্তিকতা, পদ, গ্রেড ইত্যাদি বিষয়ে আগামী সপ্তাহে প্রস্তাব ও আলোচনা হবে।
তিনি জানান, কর্মচারীদের জন্য ১ নম্বর গ্রেডে মজুরি ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ২ নম্বর গ্রেডের জন্য ৫০ হাজার টাকা, ৩ নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার টাকা এবং ৪ নম্বর বা অফিস স্টাফদের বেতন ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।