কিশোরগঞ্জের মিঠামইনে সরকারি বরাদ্দের ৬৭০ বস্তা সার নিয়ে যাওয়ার পথে মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা টিএসপি, ডিএপি ও এমওপি সার হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ডিলার ও নৌকার মালিকপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার বিএডিসির সার ডিলার মেসার্স মাসুম ভূঁইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পায়। এসব সার নৌপথে মিঠামইনের কেওয়ারজোড় ইউনিয়নে নেওয়ার জন্য রোববার বিকেলে ভৈরব নদীবন্দরে বিল্লাল মাঝির ট্রলারে ৬৭০ বস্তা সার বোঝাই করা হয়। এর মধ্যে টিএসপি ১০০, ডিএপি ৩২০ ও এমওপি ২৫০ বস্তা ছিল।
ট্রলারে এর বেশি সার বহনের সুযোগ না থাকায় সোমবার ভোরে মিঠামইনের উদ্দেশে রওনা হন মাঝি বিল্লাল। সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়। এতে সারসহ ট্রলারটি নদীতে ডুবে যায়।
ডিলার ও নৌকার মালিকপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় ডুবুরিদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের কাজ করা হবে।
এদিকে, ট্রলারডুবির ঘটনায় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
ক্ষতিগ্রস্ত ডিলার মেসার্স মাসুম ভূঁইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাসুম ভূঁইয়া বলেন, প্রথমে তিনি চাঁন মিয়া মাঝিকে সার আনতে বলেছিলেন। পরে বিল্লাল মাঝির ট্রলারে ৯৫০ বস্তার মধ্যে ৬৭০ বস্তা সার ভৈরব থেকে মিঠামইনের উদ্দেশে পাঠানো হয়। পথে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে সারসহ ট্রলারটি ডুবে যায়। এতে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, সারসহ ট্রলারডুবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।