দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় জাকিরুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী। পুলিশ মাহাবুর (২১) নামে একজনকে আটক করেছে।
রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের দ্বিতীয় ছেলে। বাড়ির সামনে একটি মুদি দোকান পরিচালনা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল মাবুদ, মাহফুজুল ও মাহাবুরের সঙ্গে জাকিরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মারধরে গুরুতর আহত হন জাকিরুল। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় মাহাবুরকে আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সোমবার সকালে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন। তিনি স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাহাবুর নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।